আওয়ামী লীগের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জনকে ওএসডি করা হয়েছে।
এ সময় সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি প্রশাসনে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের অবস্থান তুলে ধরেন।



