“বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৬” উপলক্ষে ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (BTSB) দেশের সকল হিমোফিলিয়া রোগীর জন্য উন্নত, নিরাপদ এবং সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিত করার আহবান পুনর্ব্যক্ত করেছে।
বর্তমানে দেশে ক্লটিং ফ্যাক্টর (Factor VIII ও IX)-এর সীমিত প্রাপ্যতা এবং উচ্চ ব্যয়ের কারণে বহু রোগী এখনও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই প্রেক্ষাপটে BTSB একটি সমন্বিত ও বাস্তবমুখী কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করছে।
সংগঠনটি জানায়, ক্লটিং ফ্যাক্টরের প্রাপ্যতা বৃদ্ধির জন্য সরকারি ক্রয়, ভর্তুকি এবং অংশীদারিত্ব জোরদার করা প্রয়োজন, পাশাপাশি এসব সেবা বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে বিস্তৃত করতে হবে। যেখানে ক্লটিং ফ্যাক্টর সহজলভ্য নয়, সেখানে ট্রান্সফিউশন মেডিসিন সেবা শক্তিশালী করে Fresh Frozen Plasma (FFP) ও Cryoprecipitate-এর সময়মতো সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এছাড়া ফ্যাক্টর, FFP এবং Cryoprecipitate-এর নিরাপদ ও সঠিক ব্যবহারের জন্য জাতীয় মানসম্মত গাইডলাইন প্রণয়ন, দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে ডে-কেয়ার ট্রান্সফিউশন সেবা চালু ও সম্প্রসারণ, এবং নিরাপদ প্লাজমা পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে স্বেচ্ছায় রক্তদান ও এফেরেসিস পদ্ধতিতে প্লাজমা ডোনেশন উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
BTSB আরও উল্লেখ করে, জনসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জোরদার করা গেলে হিমোফিলিয়ার জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।
সংগঠনটি মনে করে, ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট হিমোফিলিয়ার সর্বোত্তম চিকিৎসা হলেও, বাংলাদেশের মতো সম্পদ-সীমিত প্রেক্ষাপটে FFP ও Cryoprecipitate কার্যকর সহায়ক ভূমিকা রাখতে পারে।
এ উপলক্ষে BTSB নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং উন্নয়ন সহযোগীদের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানায়, যাতে দেশে হিমোফিলিয়া চিকিৎসা আরও সহজলভ্য ও সবার জন্য নিশ্চিত করা যায়।



