দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণ মামলা হেরে গেছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার ছবি ব্যবহারের অভিযোগে করা ১ কোটি টাকার দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ২০০৮ সালের ৭ অক্টোবর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তামান্না। সেই চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত পণ্যের মোড়কে তার ছবি ব্যবহারের অনুমতি ছিল।
অভিনেত্রীর অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক পরও প্রতিষ্ঠানটি তার অনুমতি ছাড়াই পণ্যের প্রচারে ছবি ব্যবহার করে আসছিল, যা তার পেশাদার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে তিনি আদালতের শরণাপন্ন হয়ে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার আগে প্রায় ৬.২ কোটি টাকার একটি বড় চুক্তি ছিল। তবে বিজ্ঞাপনটি নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি হলে সংস্থাটি একপর্যায়ে তার প্রচারণা সরিয়ে নেয়।
মামলাটি পর্যালোচনা করে আদালত জানায়, ক্ষতিপূরণ দাবির পক্ষে উপস্থাপিত নথি ও যুক্তি পর্যাপ্ত নয়। ফলে আবেদনটি খারিজ করে দেওয়া হয়।
আদালতের এই রায়কে তামান্নার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



