১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতালান ক্লাব কর্নেল্লার মালিকানা নিলেন লিওনেল মেসি

কাতালানিয়ার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইউই কর্নেল্লা-এর মালিকানা কিনেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এফসি বার্সেলোনা-র সঙ্গে আজীবন সম্পর্ক এবং স্থানীয় প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন মেসি।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেল্লা স্প্যানিশ ফুটবলে প্রতিভা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই ক্লাবের একাডেমি থেকে উঠে এসেছেন জর্দি আলবা, জাভি পুয়াদো, ডেভিড রায়া ও জেরার্ড মার্টিন-এর মতো ফুটবলাররা।

ফুটবলের তৃণমূল পর্যায়ে কাজ করার আগ্রহ দীর্ঘদিনের মেসির। গত ডিসেম্বরে মিয়ামি-তে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ‘মেসি কাপ’ আয়োজনের মাধ্যমে তিনি সেই আগ্রহের প্রমাণও দিয়েছেন। এবার সরাসরি একটি ক্লাবের মালিকানা নিয়ে সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিলেন এই আর্জেন্টাইন তারকা।

মেসির এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিকড়ের সঙ্গে সংযোগ রেখে ক্লাবটিকে আরও শক্তিশালী ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোয় গড়ে তোলা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দূরদর্শিতা কর্নেল্লার ক্রীড়া ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনবে।

মালিকানায় মেসির আগমনের মাধ্যমে ইউই কর্নেল্লা তাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।