১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ফ্লাইট শুরু আজ মধ্যরাত থেকে, উদ্বোধনী ফ্লাইটে ৪১৯ যাত্রী

সৌদি সরকারের হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী আজ (শুক্রবার) মধ্যরাত থেকে বাংলাদেশে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইট উদ্বোধন করা হবে। উদ্বোধনী ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী থাকবেন। রাত ১২টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে।

এদিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি এয়ারলাইন্স সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।

হজচুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।

প্রি-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।