১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিলেন অ্যাডভোকেট শিশির মনির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সতর্কতামূলক পোস্ট’ শিরোনামে চিঠিটি প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, “আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলব। আপনি এখন ক্ষমতায়। তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না। অনেকেই সংকোচবোধ করবে। কেউ কেউ ভয় পাবে। মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয়।”

তিনি আরও বলেন, অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেক ব্যক্তি হেয়প্রতিপন্ন হয়েছেন এবং বর্তমানে একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।

উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, সংসদে বিভিন্ন প্রস্তাব ও মন্তব্য, পরিবারের সদস্যদের প্রোটোকল প্রদান, ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সম্মান প্রদর্শনের বিষয়গুলো।

চিঠিতে তিনি তারেক রহমানের কিছু ইতিবাচক দিকেরও প্রশংসা করেন। এর মধ্যে রয়েছে সাধারণ পোশাক পরিধান, কম প্রোটোকল ব্যবহার, হেঁটে চলাফেরা, সময়মতো অফিসে যাওয়া এবং ছুটির দিনেও কাজ করা।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ তোষামোদ দেখতে চায় না, তারা চায় কাজ। যে যত বেশি কর্মক্ষম ও সৎ, তিনি তত বেশি গ্রহণযোগ্য হবেন।”

অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, পরিবারকেন্দ্রিক নেতৃত্বের চেয়ে যোগ্যতাভিত্তিক নেতৃত্বই জনগণের কাছে গ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন।

চিঠির শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, সরকার প্রতিশ্রুত পদ্ধতি অনুযায়ী এগোবে এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে বিরত থাকবে।