ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
বুধবার (৬ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। দুপুর ১২টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার কার্যালয়ে নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে, বিকেল ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে বিলম্বের কারণে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।
পরবর্তীতে তিনি উচ্চ আদালতে রিট করলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।



