১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান, মুক্ত হলো ধোলাইপাড়-যাত্রাবাড়ীর সড়ক ও ফুটপাত

রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৭ জুন) সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় উচ্ছেদ অভিযান চালায়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উপকরণ অপসারণ করা হয়।

ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান জানান, অভিযানের শুরুতে ধোলাইপাড় খালপাড় রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে দখলের কারণে সংকুচিত হয়ে পড়া খালপাড় সংলগ্ন সড়কটি উন্মুক্ত করা হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এখন সহজে চলাচল করতে পারবেন।

এরপর ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অস্থায়ী দোকান, অবৈধ স্থাপনা এবং অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে ফেলা হয়। পাশাপাশি পুরো এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে সড়ক ও ফুটপাতকে চলাচল উপযোগী করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন সব কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সিটি করপোরেশনের মতে, রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যানজট কমানোর লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে। এতে নগরবাসী স্বস্তি পাবে এবং শহরের সামগ্রিক শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।