১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে ফুলেল শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ-এ ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই স্মৃতিসৌধের শহীদ বেদী ভরে ওঠে শ্রদ্ধার ফুলে। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে উপস্থিত হন শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল আরও বাড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। এ সময় পুরো প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

কলেজ শিক্ষক ফারুক খান বলেন, “প্রতিবছরের মতো এবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা তাদের কাছে চিরঋণী।”

অপরদিকে কলেজছাত্রী তানহা বলেন, “বন্ধুদের সঙ্গে এখানে এসেছি। আমাদের শহীদদের জন্য আমরা গর্বিত। তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।”

এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।