১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথইস্ট ব্যাংক ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উদযাপন করলো

সাউথইস্ট ব্যাংক পিএলসি. পরিবেশ সংরক্ষণ ও গ্রিন ব্যাংকিং কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করেছে। সম্প্রতি ঢাকার দিলকুশায় অবস্থিত ব্যাংকের কর্পোরেট শাখায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ব্যাংকের চলমান উদ্যোগসমূহের কথা উল্লেখ করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আবিদুর রহমান চৌধুরী সমাপনী বক্তব্য রাখেন। এ সময় সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে গ্রাহকদের মাঝে ইনডোর প্ল্যান্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকায় সাউথইস্ট ব্যাংক গ্রিন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যর একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া, ০৬ জুন ২০২৬ তারিখে ব্যাংকের সকল বিভাগীয় শাখার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির আওতায় তাল, নিম, ঔষধি ও বনজ প্রজাতিসহ বিভিন্ন ধরনের বৃক্ষচারা বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসব উদ্যোগের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং একটি টেকসই বাংলাদেশ গঠনে তার অঙ্গীকার বাস্তবায়ন অব্যাহত রেখেছে।