১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেমোরি চিপের দাম বৃদ্ধিতে নতুন আইফোনের দাম বাড়তে পারে: টিম কুক

মেমোরি চিপের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নতুন আইফোনের দাম বৃদ্ধি এড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এর প্রভাব ভবিষ্যতের আইফোনের দামে পড়তে পারে।

সম্প্রতি এক বক্তব্যে টিম কুক জানান, অতিরিক্ত খরচের চাপ কমাতে অ্যাপল দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নিয়েছে এবং গ্রাহকদের ওপর এর প্রভাব না পড়ার চেষ্টা করেছে। তবে এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে মূল্য বৃদ্ধি প্রায় অনিবার্য হয়ে উঠেছে।

তিনি বলেন, “দুঃখজনক হলেও দাম বাড়ানো অনিবার্য।”

তবে নতুন আইফোনের দাম কতটা বাড়তে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি অ্যাপল প্রধান। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজে মূল্যবৃদ্ধির প্রভাব দেখা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো মডেলের মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের সংস্করণের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বিশ্বব্যাপী মেমোরি চিপের চাহিদা বেড়েছে, যা সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

এর আগে বাজারে গুঞ্জন ছিল, আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের কাছাকাছি রাখা হতে পারে। তবে টিম কুকের সাম্প্রতিক মন্তব্যের পর সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপলের ভবিষ্যৎ নেতৃত্বে পরিবর্তনের আগে নতুন আইফোনের সম্ভাব্য মূল্যবৃদ্ধি সম্পর্কে গ্রাহকদের মানসিকভাবে প্রস্তুত করার ইঙ্গিতই দিয়েছেন টিম কুক।