১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৯৫ দিনে হামে ও উপসর্গে আক্রান্ত ১ লাখের বেশি, মৃত্যু ৬৬৬ জন

দেশে গত ৯৫ দিনে হাম ও হামজনিত উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। আক্রান্তদের মধ্যে ১০ হাজার ৭৭৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে, আর ৮৯ হাজার ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই মারা গেছে ২ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছেন।

হাম পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও হামজনিত উপসর্গে ২৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি, যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৯০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করছেন তারা।