১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জোভান, ভক্তদের সতর্ক থাকার আহ্বান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি ভক্তদের জানান জোভান। পোস্টে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় দুর্ঘটনার সম্মুখীন হন।

জোভান লিখেছেন, “কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।”

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় চালকেরা মনে করেন আরও কিছুটা গতিতে চললে সমস্যা হবে না কিংবা নিজেদের দক্ষ চালক হিসেবে বিবেচনা করেন। কিন্তু দুর্ঘটনা কখন, কোথায় এবং কীভাবে ঘটবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়।

তিনি আরও লেখেন, “কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”

সবার প্রতি সতর্কবার্তা দিয়ে অভিনেতা বলেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। কারণ পরিবারের সদস্য ও প্রিয়জনরা নিরাপদে ফেরার অপেক্ষায় থাকেন।

জোভানের ভাষায়, “গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এদিকে অভিনেতার পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।