১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে দিতে হয়। গ্রাহকদের অভিযোগ, মিটারের মূল মূল্য আদায়ের পরও বছরের পর বছর এই ভাড়া নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও এই চার্জ বাতিলের দাবি ওঠে।

বর্তমান নিয়ম অনুযায়ী, প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং একক ফেজে মিটার ভাড়া ৪০ টাকা, যার সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর যুক্ত হয়।