১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা-ঘূর্ণিঝড় মোকাবিলায় ৩২০ আশ্রয়কেন্দ্র নির্মাণ, আরও ১২৮টি হবে

দেশে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় বন্যাপ্রবণ ৪৩ জেলার ২৫৮ উপজেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, আরও ১২৮টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঝুঁকি হ্রাসে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় উপকূলীয় ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় আরও ৯০টি বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়া সারাদেশে ১১৫টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং আরও ১২২টি নির্মাণ করা হবে।

দুর্যোগের সময় দ্রুত আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে দেশজুড়ে ১২ হাজার ২৪৫টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং আরও ২ হাজার ৩৬টি নির্মাণ করা হবে। পাশাপাশি ৬ হাজার ৭৮৮ কিলোমিটার এইচবিবি সড়ক নির্মাণ করা হয়েছে এবং আরও ১ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম জোরদারে ১২ জেলার ৩৫ উপজেলায় টেলিযোগাযোগ সরঞ্জাম, অগ্নিনির্বাপণ যন্ত্র, রেডিও সেট, রেসকিউ বোটসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হবে।

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার দেওয়া হয়েছে। পাশাপাশি ভারী যন্ত্রপাতিও সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে।

মন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।