১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়াতে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ময়মনসিংহর ধোবাউড়া উপজেলায় দুলাল মিয়া (৫৪) নামে এক ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দুলাল মিয়া ওই এলাকার মৃত সুরুজ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরেননি। প্রথমে পরিবার ধারণা করেছিল, তিনি হয়তো ব্যবসায়িক কাজে বাইরে রয়েছেন। তবে সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।