১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১১টা ৪২ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর এলাকা থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কম্পনের ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হয়েছে ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ইএমএসসি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম গভীরতায় সৃষ্টি হওয়ায় ঢাকাসহ আশপাশের এলাকায় এর কম্পন অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করায় ছোট মাত্রার ভূমিকম্পও সতর্কতার বার্তা হিসেবে বিবেচনা করা উচিত।