আন্তর্জাতিক মানের র্যাঙ্কিং প্রতিষ্ঠান ‘সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং ২০২৬’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এবারের সূচকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা-উভয় ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
র্যাঙ্কিং অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং (ওভারঅল র্যাঙ্কিং ক্যাটাগরি) এবং গবেষণা (অল সাবজেক্ট এরিয়াস – রিসার্চ ক্যাটাগরি) উভয় ক্ষেত্রেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে বিইউবিটি। সামগ্রিকভাবে দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ১১তম।
বৈশ্বিক পর্যায়ে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিইউবিটির অবস্থান ১ হাজার ৭৬৬তম, আর গবেষণা ক্যাটাগরিতে ৪ হাজার ৫৯৮তম। গবেষণার সক্ষমতা, উদ্ভাবনী কার্যক্রম এবং আন্তর্জাতিক একাডেমিক দৃশ্যমানতায় এই অবস্থানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।
সিমাগো র্যাঙ্কিং মূলত তিনটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করে-গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী আউটপুট এবং সামাজিক প্রভাব। এতে স্কোপাস-ইনডেক্সড প্রকাশনাগুলোকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জনের পেছনে রয়েছে কৌশলগত পরিকল্পনা, একাডেমিক নেতৃত্ব এবং শিক্ষক-গবেষকদের নিরলস পরিশ্রম। বিশেষ করে বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল (আরজিএস) গবেষণাভিত্তিক পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট গবেষক ও শিক্ষকদের অভিনন্দন জানান। তিনি বলেন, “এই অর্জন আমাদের গবেষণা সক্ষমতার প্রমাণ এবং বৈশ্বিক পর্যায়ে বিইউবিটির অবস্থান আরও সুদৃঢ় করার একটি মাইলফলক।”
বিশ্ববিদ্যালয়টির গবেষণা গ্র্যাজুয়েট স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য শুধু একটি স্বীকৃতি নয়; বরং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা সম্প্রসারণ এবং উদ্ভাবনী কার্যক্রম আরও জোরদার করার পথ তৈরি করবে।



