১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ৭ম দিনেও অনুপস্থিতি ২০ হাজার ছাড়াল, বহিষ্কার ৮ জন

সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিন। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে মোট ২০ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা যায়, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫ লাখ ১৩ হাজার ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৫ লাখ ১০ হাজার ১৪৭ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৬৫ জন, যা মোটের ০.৬৭ শতাংশ।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে ৮২৩ জন। এরপর রয়েছে রাজশাহী (৭৪৩), দিনাজপুর (৫৯১), ময়মনসিংহ (৩১২), কুমিল্লা (৩১১), যশোর (২৪৯), বরিশাল (১৯৭), চট্টগ্রাম (১২৩) এবং সিলেট (১১৬)। সাধারণ বোর্ডে বহিষ্কার হয়েছে ১ জন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ‘ইংরেজি প্রথম পত্র’ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৪ হাজার ২২১ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৮৩৩ জন, যা ৫.৩৬ শতাংশ। এই বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ’ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১২ হাজার ৯৪২ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩০৬ জন (২.৮৪ শতাংশ), তবে এখানে কোনো বহিষ্কার হয়নি।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ।