ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৮৯.৮২ শতাংশ।
রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ফলাফলের কপি উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো নিয়মিত পরীক্ষা গ্রহণ, দ্রুত ও নির্ভুল ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের হাতে সময়মতো সনদ ও নম্বরপত্র পৌঁছে দেওয়া।
তিনি আরও জানান, বর্তমানে এক বছর মেয়াদি কামিল পরীক্ষা চলছে এবং এ পরীক্ষার ফলও দ্রুত প্রকাশ করা হবে।
এসময় ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশের ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩৭ হাজার ৬২২ জন উত্তীর্ণ হয়েছেন।
ফল অনুযায়ী, প্রথম বর্ষে পাসের হার ৮৩.৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৬.১২ শতাংশ। মেধাতালিকায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ছারছীনা দারুসুন্নত কামিল মাদরাসা, ঝালকাঠি এন. এস কামিল মাদরাসা উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে।



