দেশের কারিগরি শিক্ষার পাঠ্যক্রম ও বিষয়গুলোকে আরও আধুনিক, যুগোপযোগী ও পরিমার্জিত করার লক্ষ্যে ‘কারিগরি শিক্ষার পাঠ্যক্রম সংক্রান্ত কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।
রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সিদ্ধান্তের আলোকে এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামী থটের (বিআইআইটি) এম আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর।
এছাড়া কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবু রায়হান এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ ড. হরিপদ দাস, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান এবং ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কমিটির সদস্য হিসেবে এবং বোর্ডের পাঠ্যক্রম শাখার পরিচালক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই কমিটির মূল দায়িত্ব হবে কারিগরি শিক্ষা ধারার বিভিন্ন স্তরের পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক পর্যালোচনা করা এবং দেশের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার আলোকে কারিগরি শিক্ষাকে আরও সময়োপযোগী করার জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান করা।



