দেশের ৪ হাজার ৪৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরুরি মেরামত ও সংস্কার কাজে ৬৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (আয়ন-ব্যয়ন কর্মকর্তা) নিয়ন্ত্রণে থাকবে, যারা তা উত্তোলন ও ব্যয় করতে পারবেন।
এতে আরও বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কার কাজ বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিবিড় তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) দায়ী থাকবেন।
সরকারি আর্থিক বিধি-বিধান মেনে ব্যয় সম্পন্ন করতে হবে এবং ভ্যাটসহ সব বিল-ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে তা ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত জমা দিতে হবে।
এছাড়া ২০২৫ সালের মধ্যে ব্যয় ও অব্যয়িত অর্থের হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাশাপাশি ইউএনও এবং এলজিইডির উপজেলা প্রকৌশলীদেরও এই সংস্কার কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।



