আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’ অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে। দীর্ঘদিন অপেক্ষার পর আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান Bengal Multimedia Limited।
পরিচালক আলোক হাসান নির্মিত এই সিনেমাটি ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। তবে নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে।
জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ‘নাকফুলের কাব্য’ একটি প্রেম ও বিরহের গল্প। ফেরারী ফরহাদের লেখা কাহিনিতে সমাজের বাধা উপেক্ষা করে গড়ে ওঠা এক চিরন্তন প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
প্রাথমিকভাবে সিনেমাটির নাম ছিল ‘নাকফুল’। তবে একই নামে অন্য একটি সিনেমা নিবন্ধিত থাকায় সেন্সর বোর্ডের আপত্তিতে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’।
এই ছবিতে আদর আজাদ ও পূজা চেরির পাশাপাশি আরও অভিনয় করেছেন আলীরাজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও গাজী রাকায়েতসহ অনেকে।
এর আগে এই জুটির ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমা দর্শকমহলে প্রশংসিত হলেও ‘নাকফুলের কাব্য’ ছিল তাদের একসঙ্গে প্রথম কাজ, যা অবশেষে বড় পর্দায় আসতে যাচ্ছে।



