ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন দ্রাভিদা মুনেত্রা কাজাগাম (ডিএমকে) জোটকে বড় ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর তথ্য অনুযায়ী, ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত বিজয়ের দল ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এআইএডিএমকে জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে বড় ধাক্কায় পড়েছে ডিএমকে, যারা গত নির্বাচনে ১৩৭টি আসন পেলেও এবার এখন পর্যন্ত মাত্র ৫৪টি আসনে এগিয়ে আছে। উল্লেখ্য, সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশের ঘোষণা দেন বিজয়। সে সময় তিনি এটিকে ব্যক্তিগত আগ্রহ নয়, বরং জনগণের সেবার একটি ‘মিশন’ হিসেবে বর্ণনা করেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য দেওয়া প্রতিশ্রুতি এবং তার ব্যক্তিগত জনপ্রিয়তা বিজয়ের এই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক ঢেউ তামিলনাড়ুর রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এখন প্রশ্ন-বিজয়ের এই অপ্রত্যাশিত অগ্রযাত্রা শেষ পর্যন্ত রাজ্যের ক্ষমতার মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে কি না। তা নিয়ে ভারতজুড়ে বাড়ছে কৌতূহল ও উত্তেজনা।



