জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।
শনিবার (৯ মে) দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা জানান, চিকিৎসকদের পরীক্ষায় কারিনার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাস শনাক্ত হয়েছে। এই সংক্রমণের জটিলতায় তার লিভার ফেইলর হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডানা আরও জানান, প্রথমে কারিনাকে আইসিইউতে রাখা হলেও গত রাত থেকে তার অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছে পরিবার।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, “কারিনা অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত একজন মানুষ। আমরা তাকে এভাবে হার মানতে দিতে পারি না। সবাই তার জন্য দোয়া করবেন।”
চিকিৎসা ব্যয় বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে কারিনা কায়সারের অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা।



