১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে গাড়িবোমা হামলা ও গুলিতে ১২ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গাড়িবোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে নিরাপত্তা চৌকিটি ধসে পড়ে।

বোমা হামলার পর ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায় হামলাকারীরা। এতে আরও কয়েকজন হতাহত হন।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে আঘাত হানে, এরপর শুরু করে ভারী গুলিবর্ষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ পাঠানো হলে তাদের ওপরও হামলা চালানো হয়।

পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে শক্তিশালী বিস্ফোরণের কারণে আশপাশের বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।