বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও প্রায় শতভাগ মুসলিম অধ্যুষিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের দিন সকালে রাজধানী মালেতে ও বিভিন্ন দ্বীপে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন, যেখানে স্থানীয় নাগরিকদের পাশাপাশি হাজারো প্রবাসী মুসলমান, বিশেষ করে বাংলাদেশিরাও একত্রিত হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও কোরবানির মাধ্যমে ঈদের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পর্যটননির্ভর এই দেশে বিভিন্ন রিসোর্ট এলাকাতেও বিদেশি মুসলমানদের অংশগ্রহণে ঈদের বিশেষ আয়োজন দেখা যায়, যা পুরো মালদ্বীপকে এক আনন্দঘন ও ধর্মীয় আবহে রূপ দেয়।
বুধবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাজধানী মালে-সহ দেশটির বিভিন্ন দ্বীপে অবস্থিত মসজিদগুলোতে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
রাজধানী মালে এবং পার্শ্ববর্তী হুলোমালেতে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
ঈদের জামাতে স্থানীয়দের পাশাপাশি দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের মুসলিমদের ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশীয় ঐতিহ্যের প্রতীক পায়জামা-পাঞ্জাবি পরে দলবদ্ধভাবে তারা ঈদের নামাজে অংশ নেন। প্রবাসে অবস্থান করেও দেশের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি তাদের গভীর টান স্পষ্টভাবে ফুটে ওঠে ঈদের আয়োজনজুড়ে।
অন্যদিকে, ঈদুল আজহাকে কেন্দ্র করে স্থানীয় মালদ্বীপিয়ানদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে বর্ণিল সাজে সেজে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত সময় পার করেন স্থানীয় বাসিন্দারা।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, বাংলাদেশি কমিউনিটির নেতারা, ব্যবসায়ী প্রতিনিধি, চিকিৎসক সমাজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাও প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দুবাইয়ে ঈদুল আজহার নামাজ আদায়
লন্ডনে সফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ খুলবে ইরান
বিজ্ঞাপন
প্রবাসী বাংলাদেশিরা জানান, পরিবারের সদস্যদের ছেড়ে দূর প্রবাসে ঈদ উদযাপন করা কষ্টের হলেও জীবিকার প্রয়োজনে সেই বাস্তবতা মেনে নিয়েই তারা এগিয়ে চলেছেন। প্রিয়জনদের মুখে হাসি ফোটানো এবং পরিবারের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করাই তাদের প্রবাস জীবনের সবচেয়ে বড় প্রেরণা।
তাদের মতে, প্রবাসের ব্যস্ততা ও সংগ্রামের মাঝেও পরিবার এবং মাতৃভূমির প্রতি ভালোবাসাই তাদের শক্তি জোগায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করে থাকেন। সেই ধারাবাহিকতায় মালদ্বীপে স্থানীয়ভাবে পশুর সংকট থাকলেও বিভিন্ন দেশ থেকে আমদানি করা ছাগল কোরবানি করেন স্থানীয়রা।



