১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত ইস্যুতে দিল্লিতে বসছে বিএসএফ–বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক

পশ্চিমবঙ্গ থেকে অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর আলোচনার মধ্যেই ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেবেন প্রবীন কুমার।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে কাঁটাতার নির্মাণ, অনুপ্রবেশ রোধ এবং ভারতে বসবাসরত নথিবিহীন বাংলাদেশিদের প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। পাশাপাশি সীমান্তে বিএসএফ সদস্যদের ওপর হামলার অভিযোগ নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘটনাচক্রে, এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে যখন সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে ভারত। পশ্চিমবঙ্গে কাঁটাতার বসানোর জন্য জমি হস্তান্তর এবং অনুপ্রবেশকারীদের আটক ও হোল্ডিং সেন্টারে রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ–ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার, যার একটি বড় অংশ এখনো কাঁটাতারবিহীন। এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা ও দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

সূত্র : পিটিআই