ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই মিন্টু মোল্লা (৫৭)কে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই চিকিৎসক গোলাম কবিরের (৭১) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের ফায়ার সার্ভিসের পাশের রেললাইনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু মোল্লা ও অভিযুক্ত গোলাম কবির একই গ্রামের মৃত মো. ইসহাক মিয়ার ছেলে। গোলাম কবির ফরিদপুর জেলা কৃষক লীগের সহসভাপতি এবং পেশায় চিকিৎসক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। বুধবার সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে গুলি করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি মিন্টুকে কৌশলে অন্যত্র ডেকে নিয়ে গিয়ে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মিন্টু মোল্লা।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা গোলাম কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং তার ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন অভিযোগে গোলাম কবিরের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।



