কক্সবাজার সমুদ্রসৈকত-এর সুগন্ধা পয়েন্টে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাগরে নামার পর ঢেউয়ের মধ্যে তলিয়ে যান আবির। বিকেল ৫টার দিকে সৈকতে তার মরদেহ ভেসে উঠলে সি সেফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবির বান্দরবানের আজিজনগর এলাকার বাসিন্দা এবং চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন। স্বজনদের ভাষ্য, তিনি বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনের সঙ্গে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন।
কক্সবাজার সি সেফ লাইফগার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বারবার সতর্ক করা হলেও অনেকেই তা উপেক্ষা করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।



