দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে।
শুক্রবার (২৭ মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে এই ডিজেল ডিপোতে এসে পৌঁছে।
তার ভাষ্য অনুযায়ী, আসাম থেকে সরাসরি পাইপলাইনে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৬০ ঘণ্টা। পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টা থেকে তা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সরবরাহ করা হয়েছে।
উত্তরের কৃষিনির্ভর ৮ জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং ডিজেলনির্ভর যানবাহনের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ ডিজেল পাইপলাইনের মাধ্যমে আমদানি করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৫ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ করেছে।
এর আগে গত ১১ মার্চ ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। শুক্রবার আরও ৫ হাজার মেট্রিক টন পৌঁছেছে এবং আগামী সপ্তাহে একই পরিমাণ ডিজেল আসার কথা রয়েছে।
এ ছাড়া, আগামী চার মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিপিসি।



