আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্বাচনের কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে এবং বিপক্ষে আইনজীবীরা শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান উপস্থিত ছিলেন।
এর আগে ৬ জন কাউন্সিলর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
বিসিবি নির্বাচন–২০২৬ এর তফসিল অনুযায়ী, ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে ২৩ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন, পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও ২ জন মনোনীত হবেন। পরে এই ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।



