১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়–পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ ও সহিংসতার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তা জবানবন্দি দেবেন। নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে চার নম্বর সাক্ষীর জেরা সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পলক। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই চালাচ্ছেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি, ইন্টারনেট বন্ধ রাখা এবং সহিংসতায় প্ররোচনার মাধ্যমে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় একাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়।