বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও জ্বালানির দাম সমন্বয় করতে হয়েছে।
মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির পর আমদানি করা জ্বালানির ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সরকার এখনো সেই আমদানি মূল্যের চেয়ে কম দামে জ্বালানি সরবরাহ করছে।
তিনি বলেন, “আমরা যে দামে জ্বালানি কিনছি, তার চেয়ে কম দামে সরবরাহ দিচ্ছি। দাম সমন্বয়ের পরও ভর্তুকি বহাল রয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কিছুটা কম থাকে।”
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে মন্ত্রী বলেন, দাম বাড়লে জীবনযাত্রায় প্রভাব পড়বেই। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক পরিস্থিতিরই প্রতিফলন।
তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রার চাপ সামলে সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জনগণের জন্য সহনীয় পর্যায়ে মূল্য ধরে রাখাই সরকারের মূল লক্ষ্য।



