গত ৪৮ ঘণ্টা ধরে ঢাকায় বৃষ্টির দেখা নেই, উল্টো বাড়ছে গরমের তীব্রতা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের তথ্যে জানা গেছে, সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
তবে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।



