জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটেই প্রতি কিলোমিটারে ১১ পয়সা হারে ভাড়া বাড়ানো হয়েছে।
মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে। তবে এটি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানো হয়নি।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়াও সমন্বয় করে কমানো হবে। তবে রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। সে সময় প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে সর্বশেষ ২০২২ সালে বাসভাড়া বাড়ানো হয়েছিল। এবারও একই কারণে আবার বাড়ল গণপরিবহনের ভাড়া, যার প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের দৈনন্দিন ব্যয়ে।



