যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে।
শনিবার (২৫ এপ্রিল) মার্কিন দূতাবাস ঢাকার এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণের হার বেশি, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। তবে পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার নিয়ে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম।
তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪.৮ শতাংশ কোনো না কোনোভাবে সরকারি সহায়তা গ্রহণ করে। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ-ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালও ওই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।



