১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং তা জাতীয় সংসদে উপস্থাপনের লক্ষ্যে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। উপস্থাপিত তথ্য ও চলমান সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমিটি।

এ সময় সদস্যরা দেশের জ্বালানি সংকটের বর্তমান অবস্থা এবং এর দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিজ নিজ অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রস্তাবনাও উপস্থাপন করেন।

বৈঠকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান পরিস্থিতি আরও গভীরভাবে বিশ্লেষণ করে কার্যকর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ধারাবাহিক বৈঠক করা হবে। পরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্ত করে তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।