দায়িত্ববোধ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারকদের প্রতি জনগণের আস্থা বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিচারকদের সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জনগণকে দেওয়া ম্যান্ডেটের কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো এড়িয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার সবসময় বিচারকদের পাশে থাকবে এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বিচারকদেরও এ বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. এমদাদুল হক। অনুষ্ঠানে আইন কমিশনের সদস্য, প্রশিক্ষণার্থী বিচারক, ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



