১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শেষ কর্মদিবস, কাল থেকে শুরু টানা ৭ দিনের ঈদের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।

সরকারের পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার পরে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন সেবা।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।