১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারীকে দুদকের নোটিশ

অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী মোহাম্মদ তফাজ্জল হোসেনকে সম্পদের হিসাব দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির জনসংযোগ দপ্তর। এ ঘটনায় অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপ-সহকারী পরিচালক ফাতেমা বিনতে খলিল।

দুদকের আদেশে বলা হয়েছে, অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা গেছে, তফাজ্জল হোসেন নিজের নামে ও বেনামে জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে অফিস সহকারী হিসেবে কর্মরত।

দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার আওতায় তাকে নিজের, স্ত্রীর ও নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সব ধরনের সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে দুদকে জমা দিতে হবে। একই সঙ্গে মূল কপি নিয়ে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

দুদক আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।