১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সংস্কারে ধাপে ধাপে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “পুলিশ সংস্কার রাতারাতি সম্ভব নয়, আমরা ধারাবাহিক উন্নয়নে বিশ্বাসী।”

রোববার (৫ এপ্রিল) দুপুরে বেইলি রোডে তার সরকারি বাসভবনে ইউএনডিপি-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধি পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন গঠন ও এর অধ্যাদেশ প্রণয়নে সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে তারা কাজ করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এটি সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ নিয়েও সরকার আরও যাচাই-বাছাই করছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, কিছু সংজ্ঞাগত জটিলতার কারণে প্রকৃত নির্দেশদাতাকে শনাক্ত করা কঠিন হতে পারে, তাই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন তদন্তকারী সংস্থা নয়, তবে ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনডিপি-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।