১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দশক ধরে মসজিদে নববীতে মুসল্লিদের সেবা দিয়ে আসছে সিন্ধি পরিবার

মদিনার মসজিদে নববীতে আগত জিয়ারতকারীদের কাছে এক পরিচিত নাম মোহাম্মদ আলী আবদুর রহমান আল সিন্দি। গত প্রায় ৭০ বছর ধরে তার পরিবার মুসল্লিদের চা, কফি ও খাবার পরিবেশন করে আসছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে আসা এই পরিবারটি বংশপরম্পরায় এই সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। শুরু করেছিলেন দাদা, পরে তার ছেলে এবং এখন তৃতীয় প্রজন্ম-নাতি মোহাম্মদ আলী এই দায়িত্ব পালন করছেন।

বর্তমানে মোহাম্মদ আলী জানান, তার দাদা প্রথমে মদিনার আল আইনিয়া এলাকায় একটি ছোট খাবারের স্টল চালু করেন। পরবর্তীতে মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণের সময় পারিবারিক এই কার্যক্রম বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। ২০০৭ সাল থেকে তিনি নিজেই এই ঐতিহ্য দেখাশোনা করছেন।

সারা বছর জুড়েই তাদের সেবামূলক কার্যক্রম চলমান থাকে। প্রতি সোমবার ও বৃহস্পতিবার ইফতার বিতরণ ছাড়াও আইয়ামে বিজের দিনগুলোতে খাবার বিতরণ করা হয়। রমজান মাসে পুরো মাসজুড়ে চলে বিশেষ দস্তরখান।

মোহাম্মদ আলী বলেন, মদিনা একটি বরকতময় ভূমি-এখানে তিন প্রজন্ম ধরে নবীজির মেহমানদের সেবা করতে পারা তাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়।

আধুনিক পরিবর্তনের মধ্যেও এই সিন্ধি পরিবারের আন্তরিক আতিথেয়তা মসজিদে নববীর আঙিনায় আজও অবিচল রয়েছে।