১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ওমরাহ মৌসুম শুরু, ভিসা কার্যক্রম চালু করেছে সৌদি আরব

চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন করে ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। ৩১ মে থেকেই নতুন ওমরাহ মৌসুমের প্রস্তুতি হিসেবে এ ভিসা কার্যক্রম চালু করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য ভিসা প্রদান এবং তাদের সৌদি আরবে আগমন শুরু হয়েছে, যা আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত চলবে।

নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ যাত্রীরা এখন পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন এবং সৌদি সরকারের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি ভিসা, বুকিং এবং ওমরাহ–সংক্রান্ত সব সেবার সমন্বিত ডিজিটাল ব্যবস্থা হিসেবে কাজ করছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) ওমরাহ ভিসা ইস্যুর সর্বশেষ দিন হবে। এরপর আর নতুন ভিসা দেওয়া হবে না। ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ এবং সব বিদেশি নাগরিককে ৭ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ওমরাহ ব্যবস্থাপনাকে আধুনিক ও সহজ করতে দেশটি অবকাঠামো ও ডিজিটাল সেবায় ব্যাপক উন্নয়ন করছে। এর অংশ হিসেবে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় বুকিং ও কিউআর কোড যাচাইকরণের মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা ওমরাহ সেবাকে আরও দ্রুত ও স্বচ্ছ করেছে।