মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন নাইজেরিয়ার তরুণ ফুটবলার ভিক্টর উদোহ। গত সোমবার দেশটির রাজধানী আবুজায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আকস্মিক মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
ক্লাব ক্যারিয়ারে প্রতিশ্রুতিশীল এই তরুণের মৃত্যুতে শোক জানিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব সাউদাম্পটন। মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, সাবেক খেলোয়াড় উদোহর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানায়।
একইভাবে বেলজিয়ামের শীর্ষ ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, উদোহ ছিলেন তাদের সাবেক খেলোয়াড় এবং তার অকাল প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত।
এদিকে নাইজেরিয়ার আবুজা পুলিশ জানিয়েছে, ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে বলে জানা গেছে।
কম বয়সেই সম্ভাবনাময় এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়া বিশ্লেষক ও ফুটবল সংশ্লিষ্টরা, যারা এটিকে ফুটবল অঙ্গনের এক বড় ক্ষতি হিসেবে দেখছেন।



