এক্স (X)-এর মালিক ইলন মাস্ক এবার আলাদা একটি মেসেজিং অ্যাপ চালু করেছেন, যার নাম এক্সচ্যাট (XChat)। প্রাথমিকভাবে অ্যাপটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই অ্যাপে ব্যবহারকারীরা তাদের এক্স কনট্যাক্টদের সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন। এতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধাও রয়েছে।
এর আগে সীমিত সংখ্যক ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়েছিল। তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে উন্নয়ন শেষে এখন এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি এক্সের বড় কৌশলগত পরিকল্পনার অংশ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে গিয়ে মেসেজিং ও ভবিষ্যতে পেমেন্টসহ বিভিন্ন সেবা যুক্ত করার লক্ষ্য রয়েছে।
এক্সচ্যাটে গোপনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট, স্ক্রিনশট ব্লক এবং নির্দিষ্ট সময় পর মেসেজ অদৃশ্য হওয়ার (disappearing messages) সুবিধা রয়েছে।
তবে নিরাপত্তা নিয়ে কিছু বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ Signal-এর তুলনায় এটি এখনও কম নিরাপদ হতে পারে।
এদিকে এক্স জানিয়েছে, তাদের পুরোনো “কমিউনিটিজ” ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ব্যবহারকারীদের এক্সচ্যাটে স্থানান্তরের পরিকল্পনাও থাকতে পারে। এতে অ্যাপটির ব্যবহার দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।



