১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু, শোকে মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার মন্ত্রণালয়ের এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।

মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।