সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।”
মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন নোয়াবের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সংবাদপত্র মালিকদের বক্তব্য শোনেন এবং গণমাধ্যমের গুরুত্বের ওপর জোর দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পড়েন এবং টেলিভিশন দেখেন। প্রকাশিত সংবাদ গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল নোয়াব সদস্যদের সঙ্গে তার প্রথম বৈঠক।
বৈঠকে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও মালিকরা উপস্থিত ছিলেন।



