১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও ড্রেস দেবে সরকার

দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধা পাবে।

মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহ সৃষ্টি করা হবে এবং ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য কমানোর চেষ্টা করা হবে।

এছাড়া পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে শিশুদের ছোটবেলা থেকেই অভ্যাস গড়ে তোলার বিষয়টিও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে জানান তিনি।