ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর-সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৪টার দিকে রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফোজিয়া হাবিব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নওগাঁর মান্দা থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র বাটি (ডেবরা) গ্রাম থেকে চিকলা বলাক্ষেত্র গ্রাম এলাকায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিভিন্ন মাধ্যমে নিহতদের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।



